প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

স্মৃতি-আড্ডা ও আনন্দে সরকারি সা'দত কলেজ ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অনুষ্ঠান-২০২৬

প্রকাশিত: ২০২৬-০৯-২৬ ০১:৪৫:৪৮

News Image

নিজস্ব প্রতিনিধি:
পুরোনো বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণ, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা আর প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে উঠেছিল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা'দত কলেজ প্রাঙ্গণ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলেজটির ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যালামনাই অনুষ্ঠান-২০২৬’।

 

আজ ২৫ সেপ্টেম্বর, ২০২৬ শুক্রবার দিনব্যাপী কলেজের করটিয়া ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৯২ সাল থেকে ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়ন করা বিভিন্ন ব্যাচের প্রায় ৮৪৫ জন সাবেক শিক্ষার্থী এতে অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠী, বন্ধু ও শিক্ষকদের একসঙ্গে পেয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

সকাল থেকেই সাবেক শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পায় কলেজ প্রাঙ্গণ। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর বৃক্ষরোপণ, ফটোসেশন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বয়স ও প্রজন্মের সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সা'দত কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মো. শরীফ ইস্পাহানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মো. শাহজাহান কবির।

 

এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি সা'দত কলেজের সাবেক ভিপি মো. কামরুজ্জামান খান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আশেকুল হাসান, প্রফেসর খ. আরিফ মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. শেখ ফরিদ, প্রফেসর জাহিদ হাসান দিপু, সহকারী অধ্যাপক কামরুন নাহার, ঝরা দেবনাথ, প্রভাষক লিপি আক্তার, মো. হাসানুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রিমন হাসান ও সদস্য সচিব কামরুজ্জামান আকাশসহ অন্যান্য অতিথিরা।

 

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান খান রুবেল। অনুষ্ঠানটির প্রচার ও প্রচারণার সার্বিক দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অনুষ্ঠান আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান মেনন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজিবুর রহমান সৌরভ।

 

আলোচনা পর্বে বক্তারা সরকারি সা'দত কলেজের দীর্ঘ ঐতিহ্য ও ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিজেদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই ফিরে যান কলেজজীবনের সেই পুরোনো দিনগুলোতে।

 

দিনব্যাপী আয়োজনে ছিল হাসি-আনন্দ, স্মৃতিচারণ, ছবি তোলা ও সহপাঠীদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ার উচ্ছ্বাস। কেউ পুরোনো বন্ধুদের খুঁজে নিয়েছেন, কেউ শিক্ষকদের সঙ্গে ছবি তুলে ধরে রেখেছেন স্মৃতির ফ্রেমে। ফলে একসময়কার সহপাঠীদের এই পুনর্মিলন কেবল একটি আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; এটি হয়ে উঠেছিল প্রজন্মের পর প্রজন্মের বন্ধন ও স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলার এক অনন্য উপলক্ষ।

 

সবশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন। গান, নৃত্য ও নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে সরকারি সা'দত কলেজের প্রাঙ্গণ। দীর্ঘদিন পর একত্রিত হওয়া সাবেক শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন সাংস্কৃতিক সন্ধ্যায়।

 

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের অ্যালামনাই আয়োজনের মাধ্যমে ব্যবস্থাপনা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে সরকারি সা'দত কলেজের ঐতিহ্য, স্মৃতি ও পারস্পরিক সম্পর্কের বন্ধন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও আরও বিস্তৃত হবে।