প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

সিভাসুর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী

প্রকাশিত: ২০২৬-০৯-২৩ ২৩:৫৮:৩৪

News Image

চট্টগ্রাম থেকে যুবরাজ চৌধুরী:
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের
অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। 

 

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়। 

 

বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের পর তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দায়িত্ব নেওয়ার আগে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

 

শিক্ষাগত ও পেশাগত জীবন:
অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের কাচানীয়া গ্রামের অধিবাসী জনাব ওবায়েদ উল্লাহ চৌধুরীর সর্ব কনিষ্ঠ সন্তান,গ্রামের কৃতি সন্তান।

 

শিক্ষাজীবনে তিনি তৎকালীন চট্টগ্রাম গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ (সিভাসু) থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি দক্ষিণ কোরিয়ার মর্যাদাপূর্ণ চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিনের ওপর এমএসসি এবং ভেটেরিনারি সায়েন্সের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটিতে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। 

 

তিনি ২০০৩ সালে সিভাসুর মেডিসিন ও সার্জারি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৩ বছর ধরে তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, পাঠদান ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। 

 

প্রশাসনিক অভিজ্ঞতা:
অধ্যাপক ড. ইউসুফ ইলাহী চৌধুরী উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার আগে সিভাসুর উচ্চশিক্ষা ও গবেষণা দপ্তরের সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের প্রভোস্ট এবং মেডিসিন ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও শিক্ষক নিয়োগ বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

 

এদিকে নতুন উপাচার্য হিসেবে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। তাঁর এই জ্যৈষ্ঠ ও অভিজ্ঞ নেতৃত্বে সিভাসু শিক্ষা, গবেষণা এবং দেশের প্রাণিসম্পদ উন্নয়ন খাতে আরও বহদূর এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।