প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

জয়পুরহাট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৯-২২ ২৩:১৭:২৪

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
সোমবার (২১ সেপ্টেম্বর ) জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের  ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)  মো. আশিক সাঈদ, ( পিপিএম )।

 

সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার শাহনাজ বেগম।

 

রাজশাহী রেঞ্জ ডিআইজি , জয়পুরহাটে সকাল সাড়ে ১১ ঘটিকায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার, জয়পুরহাট  তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান। 

 

এছাড়াও একই সময়ে ডিআইজি'র সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের  উপদেষ্টা মিসেস শামীম আরা হক-কে পুনাক, জয়পুরহাটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি কে গার্ড অব অনার প্রদান করে।

 

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের দৈনন্দিন দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা, কর্মপরিবেশ এবং কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ডিআইজি'র সঙ্গে মতবিনিময় হয়। সদস্যদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগসহকারে শুনে তিঁনি সংশ্লিষ্ট ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানান এবং কল্যাণসংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

 

এ সময় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পেশাগত শৃঙ্খলা ও সততা বজায় রাখার পাশাপাশি মানুষের সঙ্গে আচরণে সহমর্মিতা, সংযম ও সৌজন্য প্রদর্শনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

 

ডিআইজি দায়িত্বের প্রতিটি ক্ষেত্রে জনগণের আস্থা অর্জনকে অগ্রাধিকার দিয়ে জনসেবামুখী পুলিশিং আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরার শতভাগ ব্যবহার নিশ্চিত করে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার নির্দেশনা দেন।

 

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, জয়পুরহাটের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে পরিচালিত কার্যক্রম এবং সাম্প্রতিক অর্জনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এ সময় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও সুসংহত করতে চলমান কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় করেন ডিআইজি।

 

সভায় জয়পুরহাট জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।