প্রিন্ট এর তারিখঃ সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

নওগাঁর পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৯-২১ ২০:০২:৪৯

News Image

পোরশা (নওগাঁ) প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সরকার বাবু:
নওগাঁর পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মাংস প্রক্রিয়াজাতকারীদের (কসাই) দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং তার নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জহিরুল ইসলাম। পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল আজিজ আলী।

 

অনুষ্ঠানে পোরশা উপজেলার বিভিন্ন হাটে-বাজারে কর্মরত মাংস প্রক্রিয়াজাতকারী ও কসাইগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জবাইপূর্ব ও জবাইপরবর্তী পশুর স্বাস্থ্য পরীক্ষা, মানসম্মত ও জীবাণুমুক্ত উপায়ে মাংস প্রক্রিয়াজাতকরণ, সঠিক পদ্ধতিতে চামড়া ছড়ানো এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে মাংস বিক্রয়ের আধুনিক ও স্বাস্থ্যসম্মত বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জহিরুল ইসলাম বলেন, "জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিরাপদ মাংসের জোগান দেওয়া অত্যন্ত জরুরি। কসাইদের স্বাস্থ্যসম্মত অভ্যাসে উদ্বুদ্ধ করতে এ প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।

 

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান জানান, সর্বসাধারণের স্বাস্থ্যঝুঁকি এড়ানো এবং বাজারগুলোতে নিরাপদ ও ভেজালমুক্ত মাংস সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ। তিনি সকল মাংস বিক্রেতাকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান।