প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-১৬ ১৭:০১:৫৮
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর. ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএসডিও-থাইভ প্রকল্পের আয়োজনে এবং হেক্স/ইপার-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের সমন্বয়কারী সেরাজুস সালেকীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওসার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহজিদা হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।সভায় প্রকল্প কর্মকর্তা ফারহানা সিদ্দিকী সহ প্রকল্পের অংশগ্রহণকারী আরতি রানী, রিনা হেমরম ও চাম্পা রানী পাল বক্তব্য রাখেন।
আলোচনায় প্রকল্পের অংশগ্রহণকারীরা জানান, ইউএসডিও-থাইভ প্রকল্পের আর্থিক সহায়তা কাজে লাগিয়ে তাঁরা স্বাবলম্বী হয়েছেন। কেউ সহায়তার অর্থ দিয়ে ছাগল কিনে পালন করে বর্তমানে একাধিক ছাগলের মালিক হয়েছেন। আবার কেউ রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করার পাশাপাশি প্রকল্পের সহায়তায় প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে স্বাবলম্বী হয়েছেন। এতে তাঁদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তাঁরা প্রকল্পের সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সভায় ভিত্তি জরিপে উঠে আসা বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপনের পাশাপাশি স্থানীয় জনগণের প্রয়োজন, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হলে স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে।