প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-১৬ ১৬:১৭:১৪
শাহ রফিকুজ্জামান মিথুন, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাংগা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত শেষে তা প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্তের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের অনুমতি চেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে শিক্ষা বোর্ডের আপীল অ্যান্ড আরবিট্রেশন কমিটির কাছে পাঠানো চিঠিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
চিঠির তথ্য অনুযায়ী, ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে লিখিত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। তিনি গত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে লিখিত বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় তার দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
গঠিত তদন্ত কমিটি সরেজমিন তদন্ত ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ১২৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এরপর বিদ্যালয়ের এডহক কমিটির সভায় তদন্ত প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় মোহাম্মদ মাহবুবুর রহমানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তবে চূড়ান্তভাবে বরখাস্তের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হওয়ায় তদন্ত প্রতিবেদন ও আনুষঙ্গিক কাগজপত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আপীল অ্যান্ড আরবিট্রেশন কমিটির কাছে পাঠানো হয়েছে।