প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-১৫ ২০:২১:৪৭
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ ও জেলা পুলিশ, টাঙ্গাইলের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর টাঙ্গাইল সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় হুগড়া ইউনিয়ন ও গালা ইউনিয়ন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় উভয় দলই দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। খেলাকে ঘিরে স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করা। ক্রীড়া এমন একটি মাধ্যম, যার মাধ্যমে তরুণ ও যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। এ ধরনের আয়োজন পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি সমাজে শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
খেলা শেষে পুলিশ সুপার বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, টাঙ্গাইল এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী; জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া অঙ্গনের প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।