প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

পাবনার সাঁথিয়ায় পুকুর থেকে পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ২০২৬-০৯-০৮ ১৭:১২:৪৬

News Image

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় একটি পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিয়াপুর ইউনিয়নের মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আব্দুল আজিজ সাঁথিয়া উপজেলার ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

 

মঙ্গলবার সকাল ৯টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি পানিতে মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি সাঁথিয়া থানা পুলিশকে জানানো হয়।

 

খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন মরদেহটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন।

 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

ওসি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।