প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০৮ ১৫:৪৬:০৫
নিজস্ব প্রতিনিধি:
‘Literacy for people, the planet and property’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সাক্ষরতা একটি মৌলিক মানবাধিকার।” অর্থনৈতিক ও সামাজিকসহ নানা ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্তির অন্যতম উপায় হলো সাক্ষরতা অর্জন। একজন মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও ক্ষমতাবান করে তুলতে সাক্ষরতার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বর্তমান বিশ্বে সাক্ষরতার ধারণা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নেই। তথ্যপ্রযুক্তি, অর্থনীতি, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক নানা বিষয়ে মানুষকে সচেতন ও দক্ষ করে তোলার ক্ষেত্রেও সাক্ষরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের ক্ষমতায়ন এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সাক্ষরতার রূপান্তরমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রার জন্য জনগোষ্ঠীকে শিক্ষিত ও দক্ষ করে তোলা জরুরি। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি তাদের জীবনমুখী ও কর্মমুখী শিক্ষার আওতায় আনা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, দারিদ্র্য, বেকারত্ব, সামাজিক বৈষম্য ও নানা ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলায় সাক্ষরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে সাক্ষরতা কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
আলোচনা সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বক্তারা টাঙ্গাইল জেলায় সাক্ষরতার প্রসার, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার আওতায় আনা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কার্যকর শিক্ষা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।