প্রিন্ট এর তারিখঃ শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ২০২৬-০৮-২৮ ২৩:৫৮:৫১

News Image

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার দিকনির্দেশনায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু। তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাদের আরও মনোযোগী হয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ বলেন, “এ ধরনের একটি আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।