প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

অটোরিকশা ছিনতাইয়ে বাধা দিলে চালককে কুপিয়ে হত্যা; ছেলের মৃত্যুর খবর শুনে মায়েরও মৃত্যু

প্রকাশিত: ২০২৬-০৮-২১ ২৩:৫২:২১

News Image

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অটোরিকশা নিতে আতাউর রহমান আতা (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। ছেলে হারানোর খবর শুনে আতার মা জহুরা খাতুনেরও (৭৫) মৃত্যু হয় বলে জানিয়েছে স্বজনরা। 

 

গত বৃহস্পতিবার রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ৬ নম্বর ওয়ার্ডে মির্জানগর সরকার বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় স্থানীয় বাসিন্দারা আতার মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানায়।

 

এরপর পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আতার বাড়ি ওই উপজেলার বারিষাব ইউনিয়নের চেংনা এলাকায়। শুক্রবার (২১ আগস্ট) সকালে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, “অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা চালককে কুপিয়ে হত্যা করেছে।” আতার মামাতো ভাই আকরাম হোসেন রিপন বলেন, “ছেলের মৃত্যুর খবর শুনে আমার ফুপু মারা গেছেন।” কাপাসিয়ার আড়াল তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলাম জানান, জহুরা খাতুনের মৃত্যুর তথ্য তিনিও শুনেছেন। এদিন সকাল সাড়ে ১১টায় জহুরার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওসি নাছির আহমেদ জানান, অটোরিকশাচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।