প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুইজনকে কারাদণ্ড

প্রকাশিত: ২০২৬-০৮-১৯ ২২:৩৯:৫৪

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। 

 

মঙ্গলবার (১৮ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নবাব আলীর নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে মো. তারিকুল ইসলাম শাওন (২৮) ও আ. জলিল (৪৮) নামে দুইজনকে আটক করা হয়।

 

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। এর মধ্যে মো. তারিকুল ইসলাম শাওনকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আ. জলিলকে ১ বছর ১১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

 

আটক মো. তারিকুল ইসলাম শাওন ঘাটাইল উপজেলার জামুরিয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। অপর আসামি আ. জলিল গোপালপুর উপজেলার আভূঙ্গী চরপাড়া গ্রামের মৃত আ. মালেকের ছেলে।


উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।