প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

আকস্মিক ঝড়ে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকাডুবি; সন্তানকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন পিতা

প্রকাশিত: ২০২৬-০৮-১৮ ১৩:০১:২২

News Image

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার:
আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যাওয়ার সময় নিজের চার বছরের শিশুপুত্রকে বাঁচাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত পানিতে তলিয়ে গেছেন হতভাগা বাবা। রাঙ্গামাটির-লংগদুতে মর্মান্তিক এ ঘটনায় সালাম (২৮) নামে ওই যুবক নিখোঁজ রয়েছেন।  পরে একটি ট্রলারের সহায়তায় তাঁর শিশুপুত্রকে জীবিত উদ্ধার করা হয়।

 

রবিবার (১৬ আগস্ট, ২০২৬) বিকেল ৪ টার সময় উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ-দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সালাম মাইনী বাজার থেকে চার বছরের ছেলেকে সঙ্গে নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে বিলের পানিতে তীব্র ঢেউ ওঠে।  একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে তাঁদের নৌকাটি ডুবে যায়।

 

নৌকা ডুবে যাওয়ার পর সন্তানকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন সালাম। এ-সময় দূর থেকে একটি ট্রলার এগিয়ে এসে তাঁর হাত থেকে শিশুটিকে উদ্ধার করে।  তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে বাবাকে উদ্ধারের আগেই তিনি পানির নিচে তলিয়ে যান।

 

পরে শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, শিশুটির পেটে প্রচুর পানি ঢুকে যাওয়ায় প্রাথমিকভাবে শারীরিক জটিলতা দেখা দেয়। চিকিৎসার পর বর্তমানে সে আশঙ্কামুক্ত ও ভালো রয়েছে।

 

গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সালাম নৌকায় করে বাড়ি ফেরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়েন। তাঁর শিশুপুত্রকে উদ্ধার করা গেলেও সালাম নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস কাজ করছে।