প্রিন্ট এর তারিখঃ সোমবার ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩


জাতীয়

ভারতীয় আধিপত্যবাদের চূড়ান্ত পতন পর্যন্ত জুলাই ঐক্য ধরে রাখতে হবে: মুসলিম লীগ

প্রকাশিত: ২০২৬-০৮-০৯ ১৫:৪৮:৩২

News Image

নিজস্ব প্রতিবেদক:
ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তিকে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ। দলটির মহাসচিব কাজী আবুল খায়ের বলেছেন, ভারতীয় হেজিমনির চূড়ান্ত পতন না হওয়া পর্যন্ত যেকোনো মূল্যে জুলাইয়ের ঐক্য অটুট রাখতে হবে।

 

শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

‘জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অপরিহার্যতা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার।

 

প্রধান আলোচকের বক্তব্যে কাজী আবুল খায়ের বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের প্রশ্নে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত সব শক্তির জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ভারতীয় হেজিমনির চূড়ান্ত পতনের পূর্ব পর্যন্ত যে কোনো মূল্যে এই ঐক্য ধরে রাখতে হবে।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাই বিএনপি আধিপত্যবাদের সঙ্গে আপস করবে—এটি অসম্ভব।

 

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দূরত্বের সুযোগেই ফ্যাসিবাদীরা আবার মাথা উঁচু করার সাহস দেখাচ্ছে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে; তবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার বলেন, বাংলার মুসলমানদের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে খান এ সবুর ১৯৭৬ সালের ৮ আগস্ট মুসলিম লীগ পুনর্গঠনের উদ্যোগ নেন। এর মাধ্যমে তিনি মুসলিম জাতিসত্তার অনুসারীদের শুধু ঐক্যবদ্ধই করেননি, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

 

আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বিশিষ্ট কলামিস্ট মোস্তফা কামাল মজুমদার, লেবার পার্টির সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এফডিপির সভাপতি ড. এ আর খান, নাগরিক আন্দোলনের সভাপতি আহছান উল্ল্যাহ শামীম, ইতিহাস অন্বেষার সম্পাদক এস এম নজরুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাওয়ের সভাপতি রকিবুল ইসলাম রিপন, মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুহাম্মদ জহিরুল আনোয়ার, জুলাই যোদ্ধা ও মুসলিম লীগ নেতা বকুল, সহসভাপতি সৈয়দ আব্দুল হান্নান নূর, অতিরিক্ত মহাসচিব কাজী এ এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, মাহবুবুর রহমান ভূঁইয়া ও শ্রম সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জাতীয় স্বার্থ ও আধিপত্যবিরোধী অবস্থানকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক অঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।