প্রিন্ট এর তারিখঃ শনিবার ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

সিলেটের ওসমানীনগরে বেপরোয়া গতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮ আহত ২৫

প্রকাশিত: ২০২৬-০৮-০৭ ১৭:১৪:৪২

News Image

সিলেট প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

 

আজ ৭ আগস্ট, ২০২৬ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।

 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেট থেকে ঢাকাগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী হতাহত হন।

 

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহত ২৫ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।