প্রিন্ট এর তারিখঃ শনিবার ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

জায়নামাজ থেকে উঠতেই বিষধর সাপের ছোবল! ওঝার চিকিৎসার পর হাসপাতালে, প্রাণ গেল গৃহিণীর

প্রকাশিত: ২০২৬-০৮-০১ ১৯:৫২:৫৮

News Image

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় শয়নকক্ষে বিষধর সাপের কামড়ে ফউজিয়া বেগম (৪৬) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত ফউজিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধুলাডাংগা গ্রামের ওসমান আলীর স্ত্রী।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে নিজ শয়নকক্ষে জায়নামাজের ওপর শুয়ে ছিলেন ফউজিয়া বেগম। এসময় তার ছেলের স্ত্রী তাকে ডাক দিলে তিনি জায়নামাজ থেকে ওঠার চেষ্টা করেন। ঠিক তখনই সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে।

 

কামড় খাওয়ার পর ফউজিয়া বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে অবিলম্বে হাসপাতালে না নিয়ে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে বেশ কিছু সময় অপচয় হওয়ার পর রোগীর অবস্থার অবক্ষয় দেখে স্বজনরা তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীকে হাসপাতালে নিয়ে আসতে অনেক বেশি দেরি করা হয়েছিল। বিষ সারা শরীরে ছড়িয়ে পড়া সত্ত্বেও জরুরিভিত্তিতে তার শরীরে ‘অ্যান্টিভেনম’প্রয়োগ শুরু করা হয়েছিল। তবে চিকিৎসা চলা অবস্থাতেই রাতে তার মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, সাপের কামড়ের পর ওঝার কাছে নিয়ে গিয়ে স্বজনরা মূল্যবান সময় নষ্ট করেছেন। সময়মতো হাসপাতালে নিলে হয়তো ফউজিয়া বেগমকে বাঁচানো সম্ভব হতো।