প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-৩০ ২৩:৪৬:৫৫
স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল দর্পণ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক প্রসাধনী ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নকল পণ্য জব্দ করে সংশ্লিষ্ট গোডাউন সিলগালা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে একটি গোডাউনে বিপুল পরিমাণ নকল জনসন বেবি অয়েল, শ্যাম্পু, সাবান এবং টুথপেস্টসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী মজুদ ও সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ওই গোডাউন থেকে বিভিন্ন এলাকায় নকল প্রসাধনী সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয় এবং গোডাউনটি সিলগালা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে নকল ও নিম্নমানের পণ্য বিক্রি রোধ, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।
অধিদপ্তর আরও জানায়, জনস্বার্থে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের সন্দেহজনক পণ্য সম্পর্কে সতর্ক থাকার এবং এ ধরনের কোনো তথ্য পেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।