প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

মাভাবিপ্রবিতে বিদ্যুৎস্পৃষ্টে আইসিটি বিভাগের শিক্ষার্থীর মৃত্যু, শোক প্রকাশ ভিসির, তদন্তে পুলিশ

প্রকাশিত: ২০২৬-০৭-২৫ ০০:৩৪:০৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিদ্যুৎস্পৃষ্টে মনিরুজ্জামান মনি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাগমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

মনি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি দিনাজপুরের বিরল উপজেলার মির্জাপুর গ্রামের শওকত আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী মেসের কক্ষে থাকা দুই সহপাঠী জানান, বারান্দার তৃতীয় তলায় আমরা তিন বন্ধু একসঙ্গে আড্ডা দিচ্ছিলাম। কথোপকথনের একপর্যায়ে মনিরের হাত বারান্দায় থাকা একটি খোলা বৈদ্যুতিক তার অসাবধানতাবশত স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারান্দা থেকে নিচে পড়ে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ২২ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

 

মনিরের মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর স্মরণে আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক পালন করা হতে পারে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

 

সন্তোষ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সদস্য রাহেদুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের জবানবন্দি নেওয়া হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে মনিরুজ্জামানের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, একজন সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।