প্রিন্ট এর তারিখঃ বুধবার ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩


আলোচিত খবর

জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের সেই সমালোচিত গাজী নজরুল ইসলাম; ইসিকে জানানো হবে সিদ্ধান্ত

প্রকাশিত: ২০২৬-০৭-২২ ২৩:৩১:২৫

News Image

গাজী নজরুল ইসলাম

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

আজ বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান এমপি। সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ও আলোচিত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

দলটি আরও জানিয়েছে, বহিষ্কারের এই সিদ্ধান্ত অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।


এর আগে মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলাম ও এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছিল, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

পরবর্তীতে দলীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

 

উল্লেখ্য, ভাইরাল ভিডিওটির সত্যতা বা প্রেক্ষাপট সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাধীন যাচাইয়ের তথ্য প্রকাশিত হয়নি। তবে জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ সাংগঠনিক তদন্তের ভিত্তিতেই এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।