প্রিন্ট এর তারিখঃ শনিবার ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে বহুতল ভবন দখলের চেষ্টার অভিযোগ মেডিনোভা হাসপাতালের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের

প্রকাশিত: ২০২৬-০৭-১০ ২১:৫২:৪৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল শহরে একটি বহুতল ভবন ভাড়া নিয়ে দখলের পাঁয়তারা চালানোর অভিযোগ উঠেছে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড-এর বিরুদ্ধে।

 

আজ ১০ জুলাই, ২০২৬ শুক্রবার (দুপুরে) শহরের থানা পাড়া এলাকার শামসুদ্দোহা-রেজিয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভবনের মালিক ডা. শাহ আলম।

 

সংবাদ সম্মেলনে ডা. শাহ আলম বলেন, প্রায় ২০ বছরের চুক্তিতে ভবনটি মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডকে ভাড়া দেওয়া হয়। চুক্তির প্রায় ১০ বছর নির্বিঘ্নে চললেও পরবর্তী সময়ে ভাড়াচুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়ন নিয়ে উভয় পক্ষের মধ্যে গুরুতর মতপার্থক্যের সৃষ্টি হয়।

 

তিনি অভিযোগ করেন, পূর্ব লিখিত অনুমতি ছাড়াই ভবনের বিভিন্ন অংশে স্থায়ী কাঠামোগত পরিবর্তন করা হয়েছে। প্রায় চার বছর আগে ভবনের প্রধান সিঁড়ির প্রবেশপথ ইটের দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ভাড়াচুক্তি ষষ্ঠ তলা পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও ষষ্ঠ ও সপ্তম তলার সংযোগস্থলে স্থায়ী দেয়াল নির্মাণ করে প্যাসেজ ও সিঁড়ির পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

 

ডা. শাহ আলম আরও বলেন, প্রায় এক বছর আগে ভবনের জরুরি অগ্নিনির্গমন পথও বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে তাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভবনটি দখলেরও চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। এমনকি মেডিনোভা মেডিকেল সার্ভিসেসের ম্যানেজিং চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের সুযোগও পাননি বলে অভিযোগ করেন তিনি।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ম্যানেজার গোলাম হায়দার আলী। তিনি বলেন, ভবন মালিকের সব অভিযোগ ভিত্তিহীন। ভবনে যে কাজগুলো করা হয়েছে, সেগুলো ভাড়াচুক্তির শর্ত অনুযায়ীই সম্পন্ন করা হয়েছে।

 

এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো সরকারি সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।