প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-০৯ ০৯:১৩:৩৭
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে একজনকে ৩০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই, ২০২৬) বেলা ১১টার দিকে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন মধুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার কাইতকাই পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে গাঁজাসহ দুই যুবককে আটক করেন উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন— ধনবাড়ী উপজেলার সমসের আলীর ছেলে মো. নাছির (২৭) এবং মধুপুর উপজেলার গোলাবাড়ী গ্রামের ফরজ আলীর ছেলে সাগর (২৩)।
ভ্রাম্যমাণ আদালত মো. নাছিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে সাগরকে ৩০০ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, "মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং জনসাধারণের সহযোগিতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।