প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-০৭ ২৩:১৫:৩৬
মোঃ সাইফুল্লাহ ,মাগুরা প্রতিনিধি:
আজ ৭ জুলাই, ২০২৬ মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার শত্রুজিতপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা হয়। বেলা ১১.০০টা থেকে ২.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিসিআইসি সার ডিলার ও মুদিদোকানদারসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় শত্রুজিতপুর বাজারে মেসার্স সনজিত কুমার সাহা নামক বিসিআইসি সারের দোকানে তদারকিতে পাওয়া যায় ভয়াবহ অনিয়ম। টিএসপি সারের সরকার নির্ধারিত মূল্য ১৩৫০ টাকা বস্তা কিন্তু উক্ত প্রতিষ্ঠান বিক্রয় করেছেন ২২০০ টাকা প্রতি বস্তা। এছাড়া ডিএপি সারের সরকার নির্ধারিত মূল্য ১০৫০ টাকা হলেও প্রতিষ্ঠানটি বিক্রয় করেছেন ১৭০০ টাকা বস্তা। অতিরিক্ত দামে সার বিক্রি করলেও ভাউচার কিংবা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়নি। দুজন কৃষকের সাথে ফোন করে কথা বলে জানা যায় তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়া হলেও প্রতিষ্ঠানটি থেকে কোন ভাউচার প্রদান করা হয়নি যা দেশের কৃষি ও কৃষকদের সাথে ভয়াবহ প্রতারণা।
প্রতিবছর সরকার কৃষকদের নিকট ন্যায্যমূল্যে সার প্রদানের লক্ষ্যে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে কিন্তু এসমস্ত অসাধু ব্যবসায়ীদের জন্য কৃষদের পকেট থেকে অতিরিক্ত টাকা চলে যায় সার বাবদ। কৃষি ও কৃষক নিয়ে এমন প্রতারণামূলক অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৪০ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কৃষকদের সাথে প্রতারণামূলক কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন সহকারী পরিচালক সজল আহমেদ।