প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩


জেলা খবর

নজরুল বর্ষ উদযাপনে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ২০২৬-০৭-০৩ ১২:০৭:১৬

News Image

নিজস্ব প্রতিনিধি | ২ জুলাই ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত 'নজরুল বর্ষ' উদযাপনের অংশ হিসেবে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।

 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, সাম্য ও বিদ্রোহী দর্শনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবিই নন, তিনি প্রেম, মানবতা, সাম্য, সম্প্রীতি ও স্বাধীনতার চিরন্তন কণ্ঠস্বর। বর্তমান প্রজন্মের কাছে তাঁর সাহিত্য ও দর্শন পৌঁছে দিতে 'নজরুল বর্ষ' উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাঁর সাহিত্য ও সংগীত আমাদের জাতীয় সংস্কৃতির এক অমূল্য সম্পদ।

 

আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমির শিল্পী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিল্পীদের অংশগ্রহণে নজরুলসংগীত, আবৃত্তি, নৃত্য ও অন্যান্য পরিবেশনার মধ্য দিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিবেশিত প্রতিটি পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং কবির সৃষ্টিশীল জীবন ও চেতনাকে নতুনভাবে তুলে ধরে।

 

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী, সাহিত্যপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

বক্তারা আশা প্রকাশ করেন, 'নজরুল বর্ষ' উদযাপনের মাধ্যমে জাতীয় কবির আদর্শ, সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে যাবে এবং বাঙালির সংস্কৃতি চর্চা আরও সমৃদ্ধ হবে।