প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩


জেলা খবর

২০২৬ সালে টাঙ্গাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিচ্ছেন ৩২,৮৭৯ পরীক্ষার্থী

প্রকাশিত: ২০২৬-০৭-০২ ১১:৪২:৩৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
২ জুলাই, ২০২৬ আজ থেকে সারা দেশের মতো টাঙ্গাইলেও শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার জেলার বিভিন্ন কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩২,৮৭৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ছাত্র ১৭০৭৯ জন এবং ছাত্রী ১৫,৫৩৪ জন। 

 

জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলার ৬৬টি পরীক্ষা কেন্দ্রে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্র সচিবদের সমন্বয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এ বছর টাঙ্গাইল জেলায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

 

জেলা শিক্ষা কর্মকর্তারা জানান, পরীক্ষার প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্র নিরাপদে সংরক্ষণ, উত্তরপত্র বিতরণ, পরীক্ষার্থীদের প্রবেশ এবং সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে বহিরাগতদের অবস্থান নিরুৎসাহিত করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দেবে।

 

এছাড়া পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবেশপত্র ও নিবন্ধনপত্র সঙ্গে রাখা, মোবাইল ফোনসহ নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে না আনা এবং শিক্ষা বোর্ডের সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের অনিয়ম, প্রশ্নফাঁসের গুজব বা অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদেরও অযথা পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

 

শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হলে টাঙ্গাইলের শিক্ষার্থীরা এবারও ভালো ফলাফল অর্জন করবে।