প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-৩০ ০১:৩৪:৪৩
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় আজ মাদক সেবন ও বিক্রির অপরাধে পাঁচ মাদক কারবারির প্রত্যেককে একবছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ২৯ জুন, ২০২৬ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন জেলার মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের রাধাপালবাড়ী গ্রামের মো. হাসমত আলীর ছেলে জাহিদ হাসান (৩০), পালবাড়ী গ্রামের হোসেন ফকিরের ছেলে মো. রুবেল (৩৪), মধুপুর পৌর শহরের আঙ্গিনা পাড়া এলাকার আক্তার সওদাগরের ছেলে জাহিদুল (৩০), মোহন সওদাগরের ছেলে বাবু সওদাগর (৩০) ও নিজাম সওদাগর (২০)।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানান, আটককৃত ৫ মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদক সেবক ও বিক্রি করে আসছিল। আজ সোমবার তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে একবছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।