প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-২৭ ০০:৩৩:০৯
নিজস্ব প্রতিনিধি:
'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬' উপলক্ষে টাঙ্গাইলে রালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
"World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses" প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার (২৬ জুন, ২০২৬) জেলা প্রশাসন, টাঙ্গাইল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, মাদকাসক্তি একটি বৈশ্বিক সমস্যা, যা মোকাবিলায় প্রচলিত উদ্যোগের পাশাপাশি সময়োপযোগী ও উদ্ভাবনী কৌশল গ্রহণ করা জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদক পাচার ও অপব্যবহার রোধে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয় এবং আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।