প্রিন্ট এর তারিখঃ রবিবার ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-২১ ১৮:৩১:২৭
উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া উপজেলায় বাবাকে লক্ষ্য করে চালানো কাঁচির কোপে ১১ মাস বয়সি এক শিশু গুরুতর আহত হয়েছে। মাদক ব্যবসার প্রতিবাদ করায় আসাদুল ইসলামকে লক্ষ্য করে প্রতিবেশী মো. ঈসমাইল হোসেন কাঁচি দিয়ে কোপ দেন বলে অভিযোগ। কিন্তু তিনি সরে গেলে কোপটি তার ছেলে সাহাবীর হোসেনের পায়ে লেগে গুরুতর জখম সৃষ্টি করে। রোববার সকালে এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও আহত শিশুর পিতা আসাদুলের অভিযোগ, প্রতিবেশী ইসমাইল ও তার স্ত্রী রেক্সোনা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় এদিন সকালে ক্ষিপ্ত হয়ে ইসমাইল ঘর থেকে ধারালো কাঁচি এনে আসাদুলকে হত্যার উদ্দেশ্যে কোপ মারেন। এ সময় আসাদুল নিজেকে বাঁচাতে দ্রুত সরে গেলে কোপটি তার কোলে থাকা ১১ মাসের শিশু সাহাবীরের ডান পায়ে লাগে। এতে শিশুটির পা কেটে মারাত্মক জখম হয়।
ঘটনার পরপরই পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ঈসমাইল পলাতক রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, ১১ মাসের একটি শিশু পায়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। । শিশুটির পা রক্ষার্থে চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।