প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-১৭ ২৩:৩১:০৬
টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ রোধ, মাদক ও অস্ত্র চোরাচালান দমনের লক্ষ্যে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার (১৭ জুন, ২০২৬) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের সংবেদনশীল এলাকায় ইতোমধ্যে ‘স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম’ স্থাপন করা হয়েছে। এছাড়া দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় নতুন বিওপি (বর্ডার আউটপোস্ট) ও টিওবি নির্মাণের মাধ্যমে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংসদে তিনি সীমান্ত হত্যা প্রসঙ্গেও কথা বলেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে তিনি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকগুলোতে বাংলাদেশ এ বিষয়ে নিয়মিত ও জোরালো প্রতিবাদ জানিয়ে আসছে।
সরকারের এই উদ্যোগ সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।