প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩


অপরাধ জগত

রাজধানীর আদাবরে পুলিশের ওপর ছিনতাইকারীর চাপাতি হামলা: ওসি-এসআই আহত, গুলিবিদ্ধ ২ ছিনতাইকারী

প্রকাশিত: ২০২৬-০৬-১৭ ১২:০৮:০৯

News Image

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের একটি আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। ধারালো অস্ত্রের আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে।


মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) বিকেলে আদাবরের বেড়িবাঁধ এলাকার ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আদাবরের ৭ নম্বর সড়কে চাপাতির মুখে একটি বিকাশ এজেন্টের দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। হামলাকারীরা দোকানদারকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানে নামে আদাবর থানা পুলিশ।

 

গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশের একটি দল ছিনতাইকারীদের সম্ভাব্য আস্তানায় অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ আহত হন।

 

ঘটনার বিষয়ে ওসি জাহিদুল ইসলাম বলেন, “সকালের ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আমি ও এসআই তরুণ আহত হই।”

 

পুলিশ জানায়, হামলার মুখে আত্মরক্ষার্থে গুলি চালানো হলে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

 

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, গুলিবিদ্ধ দুইজন ছাড়াও কাশেম ও জয় নামে আরও দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, “আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে মোট চারজনকে আটক করা হয়েছে।”

 

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা আদাবর ও আশপাশের এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। বিভিন্ন সূত্রে এই চক্রটি ‘কব্জি কাটা’ গ্রুপ নামে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, আদাবর, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং, ঢাকা উদ্যানসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত রয়েছে এই চক্র।

 

ঘটনার পর ডেল্টা গার্মেন্টসের পেছনের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।