প্রিন্ট এর তারিখঃ সোমবার ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-০১ ১৬:০৩:২১
যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুর ও রঘুনাথপুর এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বিপুল সংখ্যক বাংলাদেশিকে পুশইনের (অনুপ্রবেশ) একটি বড় ধরনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (১ জুন, ২০২৬) গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই তৎপরতা রুখে দেয় বিজিবির সতর্ক পাহারা। এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে চরম উত্তেজনা ও সতর্কতা বিরাজ করছে।
সীমান্তবর্তী নির্ভরযোগ্য ও যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে সাদীপুর ও রঘুনাথপুর মাঠ এলাকায় আকস্মিকভাবে সীমান্তের সব লাইট বন্ধ করে দেয় বিএসএফ। ঘুটঘুটে অন্ধকারের সুযোগ নিয়ে তারা কাঁটাতারের বেড়ার গেট খুলে প্রায় ১০০ থেকে ১১০ জনকে জোরপূর্বক দেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা চালায়।
তবে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা বিএসএফের এই সন্দেহজনক নড়াচড়া ও লাইট বন্ধ করার বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পেয়ে যান। বিজিবি জোয়ানরা মুহূর্তের মধ্যে সীমান্তে শক্ত অবস্থান নেন এবং কৌশলগত প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির এই কঠোর ও অনড় অবস্থানের মুখে বিএসএফ তাদের পুশইনের মূল পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় এবং পিছু হটতে বাধ্য হয়।
বিজিবি সূত্র থেকে আরও জানা গেছে, প্রথম দফার বড় পুশইনের চেষ্টা ব্যর্থ হলেও সীমান্ত পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। বর্তমানে সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়ার একদম ঘেঁষে আরও ১০ থেকে ১২ জন বাংলাদেশিকে বিএসএফ আটকে রেখেছে বলে খবর পাওয়া গেছে।
আশঙ্কা করা হচ্ছে, সুযোগ বুঝে যেকোনো মুহূর্তে এই ক্ষুদ্র দলটিকেও বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হতে পারে। এই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাদীপুর ও রঘুনাথপুর সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। টহল ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে যেন কোনো অবস্থাতেই কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে।
রাতের আঁধারে সীমান্তের লাইট বন্ধ করে পুশইনের এই ঘটনায় স্থানীয় সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে কিছুটা আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে সীমান্তবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (কমান্ডার) লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, "সার্বভৌমত্ব রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সার্বক্ষণিক তৎপর রয়েছে। বিএসএফের যেকোনো ধরনের উস্কানিমূলক বা বেআইনি কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবি সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ ও পতাকা বৈঠকের আহ্বানসহ প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
বর্তমানে সাদীপুর ও রঘুনাথপুর সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, তবে পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।