প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-২৫ ২১:২৬:০৪
মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার যমুনা নদীর র্তীরবর্তী মসলিন বাজার এলাকায় স্থায়ী প্রতিরক্ষা কাজের মেরামত প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের এ প্রকল্পের আওতায় কি: মি: ০.৪০০ থেকে কি: মি: -০.৬৩৫ পর্যন্ত মোট ২৩৫ মিটার এলাকায় নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলা ও শক্তিশালী বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে।
২৪ মে, ২০২৬ সোমবার দুপুরে নলিন বাজার সুইচগেট এলাকায় যমুনা নদীর তীররক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বালুভর্তি জিও ব্যাগ স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
তিনি বলেন, যমুনা নদীর ভাঙন প্রতিনিয়ত মানুষের ঘরবাড়ি, ফসলের জমি ও যোগাযোগ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে। তাই নদী রক্ষা ও মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরলস ভাবে কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এবং ভাঙন কবলিত এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা।
এ সময় প্রকৌশলীরা জানান, নদীর প্রবল স্রোত ঠেকাতে এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে জিও ব্যাগ ফেলার পাশাপাশি প্রয়োজনীয় স্থানে আরসিসি ব্লক ও স্লোপ প্রোটেকশন তৈরি করা হবে। প্রকল্পটি সম্পন্ন হলে স্থানীয়দের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর ধরে এই এলাকায় নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক পরিবার জমি-ঘর হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল। নতুন এ উদ্যোগ তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।