প্রিন্ট এর তারিখঃ শনিবার ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩


জাতীয়

রামিসা হত্যার বিচার ১ মাসের মধ্যে নিশ্চিত করার ঘোষণা, সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড: ত্রিশালে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২০২৬-০৫-২৩ ২২:৪৬:২৪

News Image

অনলাইন নিউজ ডেস্ক:
আজ শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন মঞ্চে রাজধানীর পল্লবীতে শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘সেই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড।’

 

তারেক রহমান বলেন, “ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধে চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই।”


তিনি আরও বলেন, ‘এ ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।’

 

প্রধানমন্ত্রী বলেন, “একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে।”

 

এ সময় তিনি বলেন, “জাতীয় কবির নজরুলের স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা করা যায় কিনা সে ব্যাপারে বিবেচনা করা হচ্ছে। কাজী নজরুল ইসলামসহ কালজয়ী সব আদর্শ থেকে সরে যাওয়ার কারণে সমাজে এখন মূল্যবোধের অভাব। জাতির শ্রেষ্ঠ সন্তানদের যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে এটি জাতি হিসেবে আমাদের ব্যর্থতা।”