প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-২১ ১৭:১১:০৯
উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোরে জাঁকজমকপূর্ণ আয়োজনে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শ্রীকান্তনী)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) একাডেমির প্যারেড গ্রাউন্ডে এ বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের মাঝে পদক, সনদ ও ফ্লাইং ব্যাজ পরিয়ে দেন।
এবার ৮২তম বাফা কোর্সের প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট তাহসিন আহমেদ কোরাইশী মর্যাদাপূর্ণ “সোর্ড অব অনার” অর্জন করেন। একাডেমিক প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য অফিসার ক্যাডেট দানিয়াত রশীদ উদ্দীন “বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি” লাভ করেন। অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরী জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য “কমান্ড্যান্টস ট্রফি” এবং গ্রাউন্ড বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য “বিমান বাহিনী প্রধানের ট্রফি” অর্জন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি সুসংগঠিত ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে। দেশের আকাশসীমা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান ও জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করা হচ্ছে। সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ কুচকাওয়াজের মাধ্যমে ৫ জন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট সফলভাবে কমিশন লাভ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহমেদ কোরাইশী।
কুচকাওয়াজ শেষে বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টারের মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে এবং হেলিকপ্টার থেকে প্যারা জাম্পিং প্রদর্শিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অসামরিক প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের গর্বিত অভিভাবকরা উপস্থিত ছিলেন।