প্রিন্ট এর তারিখঃ বুধবার ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

বগুড়ায় ৩ দিনব্যাপী জনবান্ধব, সহজ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০৫-২০ ১০:০৫:২৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:
জনবান্ধব, সহজ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। 

 

আজ ১৯ মে, ২০২৬ মঙ্গলবার বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসক চত্বর এ মেলার উদ্বোধন করা হয়।

 

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে দেশব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কেন্দ্রীয় উদ্বোধনের পর বগুড়ায় বেলুন উড়িয়ে স্থানীয়ভাবে মেলার সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক মো, তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকার উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম. ইমরুল কায়েস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সুধীজন।

 

অনুষ্ঠানে ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় এবং জনগণকে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

 

ভূমি মেলায় সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একাধিক স্টল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের সার্ভিস পোর্টাল কার্যক্রম, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি এবং অনলাইন মৌজা প্রাপ্তির সুযোগ পাচ্ছেন।

 

৩ দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকদের ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে। মেলাটি আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের জন্য উন্মুক্ত থাকবে।