প্রিন্ট এর তারিখঃ বুধবার ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-২০ ০৩:৪৫:৫০
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে এপ্রিল-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬ পুলিশ কর্মকর্তাকে শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করেছে জেলা পুলিশ। সোমবার (১৮ মে ২০২৬) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সভায় এ সম্মাননা তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ নিয়ন্ত্রণে সফল ভূমিকার ভিত্তিতে এসব কর্মকর্তা নির্বাচিত হন।
এপ্রিল মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমে দক্ষ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন।

একই মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন। থানার সার্বিক কার্যক্রমে দক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এছাড়া ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় টাঙ্গাইল সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ভিক্টর ব্যানার্জী, এসআই রাফিউল করিম এবং এসআই মো. আবুল বাসারকে শ্রেষ্ঠ রহস্য উদঘাটনকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। জটিল ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দেওয়ায় তারা এ স্বীকৃতি অর্জন করেন।
অন্যদিকে, অধিক সংখ্যক ওয়ারেন্ট তামিল করে বিশেষ কৃতিত্ব অর্জন করায় টাঙ্গাইল সদর থানার এএসআই মো. বিপুল ইসলামকে এপ্রিল মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে নিয়মিতভাবে এ ধরনের মূল্যায়ন ও সম্মাননা প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ অর্জন পুলিশ সদস্যদের মধ্যে ইতিবাচক কর্মস্পৃহা ও দায়িত্ববোধ আরও বাড়াবে বলেও আশা প্রকাশ করা হয়।