প্রিন্ট এর তারিখঃ বুধবার ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-১৯ ১৯:২৭:০১
উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
দায়িত্বহীনতার কারণে হামে আক্রান্ত পাঁচ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়াও হাজার হাজার হাম আক্রান্ত শিশু হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পাশাপাশি প্রতিদিন নতুন নতুন শিশু আক্রান্ত হচ্ছে। আর এসবের দায় অন্তর্বর্তীকালীন সরকারের বলে অভিযোগ তুলে বিচারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।
আজ ১৯ মে, ২০২৬ মঙ্গলবার বেলা ১২টায় যশোরের ডিসির মাধ্যমে স্মারকলিপিটি দিয়েছে সংগঠনটির জেলা শাখা। ডিসি মোহাম্মদ আশেক হাসান স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদেরকে হামসহ ১০টি মারাত্মক রোগের টিকা দেওয়া হয়। টিকাদান কর্মসূচির সূচনা থেকেই সরকার আন্তর্জাতিক সহায়তা ও অনুদান হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গাভি ইত্যাদি বৈশ্বিক বিভিন্ন সংস্থা থেকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে নিয়মিতভাবে শিশুদের টিকা সংগ্রহ করে থাকে।
কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার টিকার সংকটের বিষয়ে জেনেও ঠিকসময়ে ইউনিসেফ বা গ্যাভির মতো প্রতিষ্ঠিত সংস্থা থেকে টিকা সংগ্রহ করেনি। তৎকালীন সরকার কিছু এনজিও বা বাণিজ্যিক গোষ্ঠিকে সুবিধা দিতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার উদ্যোগ গ্রহণ করে। এরপর আমলাতান্ত্রিক জটিলতায় যথাসময়ে টিকা কেনা সম্ভব হয়নি। ফলে টিকার মজুত প্রায় ফুরিয়ে যায়। এতে সার্বজনীন টিকাদান কর্মসূচি ২০২৫ সালে সম্পন্ন করা সম্ভব হয়নি।
স্মারকলিপিতে আরও বলা হয়, ঠিকাদান না হওয়ায় এবছর মার্চ থেকে শিশুরা হামে আক্রান্ত হতে থাকে। এই সরকার দেরিতে হলেও সার্বজনীন টিকা কর্মসূচি চালু করে। কিন্তু হামে আক্রান্ত সব শিশুর চিকিৎসা এখনো নিশ্চিত করা যায়নি।
এছাড়াও রয়েছে ঔষধ, শয্যা ও আইসিইউর সংকট। ফলে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণার দাবি জানাই। একইসাথে শিশুমৃত্যু ও শিশুদের এই পরিস্থিতির জন্য তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ইচ্ছাকৃত অবহেলা এবং শিশু মৃত্যুর দায়ে গ্রেপ্তারসহ বিচার দাবি করছি।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন, দলটির জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নেতা তসলিম-উর-রহমান, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান, জেলা কমিটির নেতা পলাশ বিশ্বাস প্রমুখ।