প্রিন্ট এর তারিখঃ সোমবার ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-১৭ ২১:৫১:৫৪
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং মহাসড়কে যানজট নিরসনে টাঙ্গাইলে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও বিআরটিএ টাঙ্গাইলের আয়োজনে রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, সড়ক ও জনপথ অধিদপ্তর টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ এবং টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় ঈদকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ মোকাবিলা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।