প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩


জাতীয়

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা: জনপ্রশাসন মন্ত্রণালেয় প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ২০২৬-০৫-১৪ ১৮:৩৪:৩০

News Image

টাঙ্গাইল দর্পণ ডেস্ক:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিসে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। 

 

আজ বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। ফলে ঈদের আগে ও পরে মিলিয়ে দীর্ঘ সময় পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটানোর সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশের সব ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে। এই সিদ্ধান্তে ঈদযাত্রা ও প্রশাসনিক কার্যক্রমে কিছুটা পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই দীর্ঘ ছুটির এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে।

 

এ ছাড়া চিকিৎসা সেবা, ওষুধ ও সরঞ্জাম পরিবহন, বন্দর কার্যক্রম এবং পরিচ্ছন্নতা কার্যক্রমও চলমান থাকবে। ব্যাংকিং কার্যক্রম ও আদালতের সেবার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ ছুটি একদিকে যেমন কর্মজীবীদের স্বস্তি দেবে, অন্যদিকে ঈদকেন্দ্রিক অর্থনীতি ও পরিবহন খাতে বাড়তি চাপও তৈরি করতে পারে। তবে সরকারের দাবি, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করাই মূল লক্ষ্য।

 

ছুটির সিদ্ধান্ত ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে এখন থেকেই বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়েছে।