প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের সদর ও দেলদুয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক সেবনের দায়ে ১১ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রকাশিত: ২০২৬-০৫-১৪ ১০:২৭:৫০

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের সদর ও দেলদুয়ার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

 

জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় অভিযুক্তদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও কারাভোগের আদেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

 

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সমাজে মাদকের বিস্তার রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

তারা আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সচেতন ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে প্রশাসনকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।