প্রিন্ট এর তারিখঃ শনিবার ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-০৮ ২৩:৩৩:৩০
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশু হাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয় সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ ০৮ মে, ২০২৬ শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের ফাইনাল খেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, চাহিদার চেয়ে বেশি পরিমাণে পশু আমাদের মজুত রয়েছে। কাজেই বাইরে থেকে কোরবানির পশু আনার দরকার নেই। চাহিদা অনুযায়ী পশু আমাদের দেশে রয়েছে।
তিনি বলেন, পশুর বাজার ব্যবস্থাপনা যাতে সঠিক থাকে, সে অনুযায়ী প্রত্যেক হাটে ভেটেরিনারি ডাক্তাররা দায়িত্ব পালন করবে।
চোরাই পথে পশু আসা বন্ধের বিষয়ে তিনি বলেন, কোরবানির পশু কোনোভাবেই বাইরের থেকে অবৈধ পথে যাতে প্রবেশ করাতে না পারে। সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত এলাকায় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিডিআর) অবহিত আছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।