প্রিন্ট এর তারিখঃ শনিবার ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-২৪ ২২:৩০:৪০
নিজস্ব প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা ও সকলের সহযোগিতা চান তিনি।
তিনি বলেন, আমাদের এই টাঙ্গাইল ঢাকার খুব কাছাকাছি জেলা। এই জেলাকে এক সময় সাংস্কৃতিক ও ক্রীড়া নগরী বলা হতো- সেই জায়গাটা আমরা অনেকাংশেই হারিয়ে ফেলেছি। সেটাকে আবার ফিরিয়ে আনতে সাহিত্য চর্চাকে বাড়িয়ে সকলের সহযোগিতায় এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই জেলাকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের ঐতিহ্যবাহী টাঙ্গাইল ক্লাবে ‘সময়ের সাহিত্য কণ্ঠ’ পরিবারের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক অঙ্গনে যারা জড়িত রয়েছেন তাদের যদি কাজের পরিবেশ তৈরি করে দেওয়া যায় তাহলে টাঙ্গাইলকে খুব তাড়াতাড়ি সাংস্কৃতিক নগরী হিসাবে ঘোষণা করা সম্ভব হবে। এতে স্থানীয় ঐতিহ্য, লোকশিল্প এবং আধুনিক সংস্কৃতির মেলবন্ধন ঘটানো খুবই জরুরি। আধুনিক টাঙ্গাইল গড়ে তোলার ক্ষেত্রে সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, টাঙ্গাইলকে কিশোর গ্যাংমুক্ত রাখতে চাই। বিগত দিনে ফ্যাসিবাদরা টাঙ্গাইলকে সন্ত্রাসের নগরী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। সেই অপবাদের জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।
তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। কোন ভাবেই কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজরা আশ্রয়-প্রশ্রয় যাতে না পায়। কারো একার পক্ষে কিন্তু সব কাজ সম্ভব নয়। পাশে যারা থাকে তাদের সকলের সহযোগিতার প্রয়োজন হয়।
৭০ দশকের অন্যতম কবি মাহমুদ কামালের সভাপতিত্বে ওই কবিতা উৎসবের উদ্বোধন করেন, ষাটের দশকে কবি বীরমুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কবি আযাদ কামাল, ড. ইউসুফ খান, কবি বাদল প্রমুখ। কবিতা উৎসবে জেলার সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেন।