প্রিন্ট এর তারিখঃ শনিবার ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-২৪ ২০:৪০:৩৩
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান
মোঃ উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
বিচার বিভাগের সকল স্তরে বিদ্যমান দুর্নীতির শিকড় উপড়ে ফেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, একটি স্বাধীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।
আজ শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন এবং আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নানা আলোচনা চলছে। এ ক্ষেত্রে অনেকেই মাজদার হোসেন-এর উদাহরণ তুলে ধরছেন। তবে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা দুর্নীতিগ্রস্ত কোনো বিচার বিভাগ চাই না। বিচার বিভাগের ভেতরে যে অনিয়ম ও দুর্নীতি রয়েছে, তার সব শিকড় তুলে আনতে চাই।”
রাজনৈতিক প্রেক্ষাপটে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি ‘জুলাই সনদ’, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগীয় সচিবালয় আইন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছে। তবে এসব বিষয়ে সরকার সুস্পষ্ট অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, “আমরা প্রতিটি আইন গভীরভাবে যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে উপস্থাপন করব। জনগণের কল্যাণ ও রাষ্ট্রের স্বার্থ বিবেচনায় আইন প্রণয়ন করা হবে।”
‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, এ সনদের কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই। ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। তবে বিএনপি এ সনদ বাস্তবায়নের কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এর আগে আইনমন্ত্রী যশোরের প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলাম-এর কবর জিয়ারত করেন। পরে তিনি পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।