প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-০৭ ২২:০৬:০৪
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে নির্বাচনি এলাকায় জনসভা, মিছিল ও শোভাযাত্রাসহ সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ রয়েছে।
সোমবার বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনে রিটার্নিং অফিসার ফজলুল করিম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে ১১ এপ্রিল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান ও তাতে যোগদান করতে পারবেন না।
উপনির্বাচনে তিনটি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা (ধানের শীষ), ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।
বগুড়া নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ৯ এপ্রিল সদর আসনে ব্যালট পেপারে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। বগুড়ায় তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল। তারেক রহমান ঢাকা-১৭ আসনে শপথ নেওয়ায় বগুড়া-৬ (সদর) আসন শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ৯ এপ্রিল উপনির্বাচনের তারিখ ঘোষণা করে।
সূত্রটি আরও জানায়, বগুড়া-৬ (সদর) আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৩১ হাজার ২৩৪ জন এবং পুরুষ ভোটার দুই লাখ ২২ হাজার ৭৯৯ জন। নারী ভোটার বেশি আট হাজার ৪৩৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার রয়েছেন, ১০ জন। মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
উপনির্বাচনের রিটার্নিং অফিসার ফজলুল করিম জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন রোধে মাঠে ভ্রাম্যমাণ আদালত ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন।