প্রিন্ট এর তারিখঃ রবিবার ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

কলার মোচা দেখিয়ে কয়েক ’শ ট্রেনযাত্রীর প্রাণ বাঁচালেন চণ্ডীপুরের দিনমজুর এনামুল হক

প্রকাশিত: ২০২৬-০৩-২৩ ২২:৩৩:০০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
লাঠিতে কলার মোচার লাল পাপড়ি (খোল) ঝুলিয়ে ঘুমন্ত ট্রেনযাত্রীদের জীবন রক্ষা করলেন এনামুল হক নামের এক শ্রমিক। 

 

আজ ২৩ মার্চ, ২০২৬ সোমবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী ৩৫২/৫ থেকে ৩৫২/৬ কিলোমিটার অংশে পূর্ব চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

 
জানা যায়, সোমবার সকালে পূর্ব চণ্ডীপুর গ্রামের মৃত ফজলুল হক সোনারের ছেলে এনামুল হক গ্রামের পাশে রেললাইনে হাঁটছিলেন। এ সময় পার্বতীপুর-ফুলবাড়ী-ঢাকা-খুলনা-রাজশাহীগামী রেলপথের ওই স্থানে রেললাইনের প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পান। 

 

এ সময় তিনি আশপাশের লোকজনকে ডেকে রেলওয়ের অফিসে ফোন দিতে বলেন। কারণ, ব্যস্ততম ওই পথে বিভিন্ন ট্রেন প্রতিনিয়তই যাতায়াত করে এবং যেকোনো সময় ট্রেন চলে আসতে পারে। ইতিমধ্যে বিরামপুর স্টেশন থেকে ফুলবাড়ী স্টেশন অভিমুখে ট্রেন আসছে বুঝতে পারেন এনামুল। হাতের কাছে লাল কাপড় না পেয়ে পাশের কলাবাগান থেকে পরিত্যক্ত কলার মোচার লাল পাপড়ি (খোল) এনে লাঠিতে বেঁধে রেললাইনে দাঁড়িয়ে যান এনামুল হক। ওই অবস্থায় দাঁড়িয়ে থাকার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে চলে আসে এবং সংকেত পেয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। এতে শত শত ট্রেনযাত্রী ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।