প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: ২০২৬-০২-১৮ ২৩:৪৭:২৫

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
শেরপুর ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে সেনাবাহিনীর একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন। 

 

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড় এলাকায় কাকলী রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম এবং বাসচালক ৫০ বছর বয়সী আব্দুল বাসেত। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেনাবাহিনীর ট্রাকটি ফুলপুর ক্যাম্পের কার্যক্রম শেষ করে ময়মনসিংহে ফিরছিল। একই সময়ে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস বালিয়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চালকসহ কয়েকজন গুরুতর আহত হন।

 

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “আহতদের হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর সার্জেন্টের অবস্থার অবনতি হলে তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে সেখানে তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার পথে বাসচালকও মারা যান।”

 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল হাসান জানান, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা শেরপুর ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।