প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

জয়পুরহাটে শ্বশুরের কবর জিয়ারত বাণিজ্য উপদেষ্টার

প্রকাশিত: ২০২৫-০৯-০৫ ২১:৪২:১৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সরকারি সফরের নামে শ্বশুরের কবর জিয়ারত করেছেন। 

 

৫ সেপ্টেম্বর, ২০২৫ শুক্রবার দুপুর ১২টা ৫২ মিনিটে হেলিকপ্টারযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি।

 

দেখা যায়, হেলিকপ্টার থেকে নেমে তিনি জয়পুরহাট-ঘ ১১-০০৩২ নম্বরের একটি সরকারি গাড়ি নিয়ে দুপুর ১টা ৩ মিনিটে বগুড়ার দুপচাচিয়া উপজেলার মর্তুজাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েত খাল্কা শরীফে পৌঁছান। সেখানে জুমার নামাজ আদায় শেষে তাঁর শ্বশুর জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।

 

দুপুর ১টা ৫০ মিনিটে তিনি আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হিমাগার লিমিটেডে মধ্যাহ্নভোজ করেন। উপদেষ্টা বিকেল ৫টা পর্যন্ত ওই হিমাগারে অবস্থান করার পর ৫টা ১২ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

 

সাংবাদিকরা সফরের বিষয়ে প্রশ্ন করলে শেখ বশিরউদ্দীন মাথা নেড়ে কোনো মন্তব্য করেননি। তবে হেলিকপ্টারে ওঠার সময় তিনি বলেন, ২০ বছর পর শ্বশুরবাড়ি আসা।